সন্ধ্যায় ফেসবুক লাইভে আসছেন তামিম

অনেকদিন ধরেই ক্রিকেটে নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তবে মাঠে না থাকলেও মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় প্রায় সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন দেশসেরা এই ওপেনার। মেহেদী হাসান মিরাজের সাথে একটা ফোনালাপ ফাঁস নিয়ে আবারো নতুন করে আলোচনায় এসেছেন তামিম।

গতকাল রাতে তামিম্ ও মেহেদীর একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই আলাপে বন্ধু মুশফিককে নিয়ে মিরাজের কাছে আক্ষেপ প্রকাশ করেন তামিম। দিয়েছেন হুমকিও।

এরপর থেকেই আলোচনা-সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব রেখেছেন ক্রিকেটপ্রেমীরা। একটাই প্রশ্ন ছিলো সবার মাঝে, মুশফিকের উপর তামিমের কি নিয়ে এতো ক্ষোভ? কেউ কেউ এখানে দুই বন্ধুর সম্পর্কে ফাটল দেখলেও কারো কারো মতে নিছক বিজ্ঞাপনের স্বার্থেই এমন অভিনয় করেছেন তামিম-মিরাজ।

সবার জল্পনা-কল্পনা দূর করার ঘোষণা দিয়েছেন তামিম নিজেই। সেই ফোনালাপ নিয়ে কথা বলতে ফেসবুক লাইভ করার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

তাঁর জন্মদিনে ভক্তদের উদ্দেশ্য করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। মঙ্গলবার থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।’

Exit mobile version