সমান পয়েন্ট পেয়েও যে বিবেচনায় মেসি সেরা

ফিফা দ্য বেস্ট

ব্যালন ডি অনুষ্ঠানে প্রায়ই এমন চিত্র দেখা গেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো যখন আগেই বুঝতে বা জানতে পারেন ব্যালন ডি অর তিনি পাচ্ছেন না তখন তিনি অনুষ্ঠানে থাকেন না।

সোমবার ইংল্যান্ডে ফিফা দ্য বেস্ট পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন না লিওনেল মেসি। এই পুরস্কারের অনুষ্ঠানে লন্ডনে আসেননি বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ফলে অনুষ্ঠান সঞ্চালক যে মূহুর্তে ফিফার বর্ষসেরা হিসেবে নাম ঘোষণা করতে যাচ্ছেন তখন ক্যামেরা খুঁজে নিয়েছে আর্লিং হালান্ড এবং তার বাবা আলফি হালান্ডকে। তখনই অনেকেই প্রায় শতভাগ নিশ্চিত হয়ে যায় ম্যানচেস্টার সিটির গোলমেশিন হালান্ডই এবারের ফিফার বর্ষসেরা হতে যাচ্ছেন।

কিন্তু, বাস্তবে তা হলো না। বরং আরও একবার ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড নিজের করে নিলেন মেসি। টানা দুইবারসহ তিনবার এই পুরস্কার জিতলেন মেসি। তবে যে প্রতিদ্বন্দ্বিতা তাকে করতে হয়েছে, সেটাই বরং কিছুটা বিষ্ময়ের জন্ম দিতে পারে। চোখে চোখ রেখে লড়াই করেছেন হালান্ড। সেরার দৌড়ে তার আর আর্লিং হালান্ডের পয়েন্ট যে ছিল একেবারেই সমানে সমান।

ফিফা দ্য বেস্টের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ভোটিং হয়েছে। পুরস্কারের দাবিদার প্রশ্নে ফেবারিট ছিলেন আর্লিং হালান্ড। তিনি পেয়েছিলেন ৪৮ পয়েন্ট। মেসিও পেয়েছেন ৪৮ পয়েন্ট। ফিফার ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী, অধিনায়ক আর ভক্তদের ভোটে সেরা ছিলেন মেসি।

অন্যদিকে কোচ এবং সাংবাদিকদের ভোট ছিল হালান্ডের দিকে। অধিনায়কদের ৬৭৭ পয়েন্টের ভিত্তিতে মেসি জুরি বোর্ড ঘুরে পেয়েছেন ১৩ স্কোরিং পয়েন্ট। হালান্ড অধিনায়কদের ভোটের ভিত্তিতে পেয়েছেন ১১ পয়েন্ট। তার পক্ষে ছিল ৫৫৭ পয়েন্ট।

কোচ এবং মিডিয়ার পক্ষ থেকে পাওয়া ভোটের ভিত্তিতে হালান্ড পেয়েছেন ১৩ পয়েন্ট। মেসি সেখানে পেয়েছিলেন ১১ পয়েন্ট। আর ভক্তদের পক্ষ থেকে পাওয়া ভোটের ভিত্তিতে মেসি ছিলেন ১৩ পয়েন্ট। হালান্ড ছিলেন ১১ পয়েন্টে। এখানে অবশ্য বিশাল ব্যবধানে এগিয়ে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

দুইজনের টাইয়ের সুবাদে ভাগ্য নির্ধারণ হয় জাতীয় দলের অধিনায়কদের ভোটে। আর এতেই প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায় মেসির হাতে উঠেছে বর্ষসেরার পুরস্কার। ফিফার ‘রুলস অব অ্যালোকেশন’ এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত। যেখানে বলা হয়েছে, সর্বোচ্চ সংখ্যক পাঁচ পয়েন্ট ভোট বা প্রথম স্থানের অধিকারীই হবেন বর্ষসেরা।

আর এই শর্তেই ব্যাপক ব্যবধানে এগিয়ে ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ককে যেখানে ১০৭ বার প্রথম স্থানে দেখা গিয়েছে, সেখানে হালান্ড প্রথম স্থান দখল করেছেন মোটে ৬৪ বার। সবশেষে তাই রেকর্ড তৃতীয়বার ফিফা দ্য বেস্ট যাচ্ছে মেসির কাছে।

Exit mobile version