বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৮৭ রানের টার্গেট সহজেই টপকালো শ্রীলঙ্কা। সে সাথে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরালো সফরকারীরা।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৌহিদ হৃদয়ের অপরাজিত ৯৬ রানের সুবাদে ৭ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে। জবাবে ওপেনার পাথুম নিশাঙ্কার ১১৪ ও চারিথ আসালাঙ্কার ৯১ রানের সুবাদে তিন উইকেট ১৭ বল হাতে রেখেই টপকে যায় কুশল মেন্ডিসের দল।
বাংলাদেশ দল এদিন সাতজন বোলার ব্যবহার করেও লঙ্কান ব্যাটারদের নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রথম ওভারেই পেসার তাসকিন আভিষ্কা ফার্নান্দোর উইকেট তুলে নেন। কিন্তু ম্যাচের বাকিটা সময় কখনও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। ‘আস্কিং রেটে’ পুরোটা সময়ই তারা এগিয়ে ছিলো।
ষষ্ঠ ও ৭ম ওভারে যথাক্রমে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমাকে আউট করে বাংলাদেশ যে চাপ তৈরি করেছিলো চতুর্থ উইকেটে তা পুরোপুরি কাটিয়ে তোলেন পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা।
৪৩ রানে তিন উইকেট হারানোর পর এই জুটির ব্যাটে আসে ১৮৫ রান। দলীয় ২২৮ রানে সেঞ্চুরিয়ান নিশাঙ্কা আউট হওয়ার পর বেশি সময়ে খেলা হয়নি চারিথ আসালাঙ্কার। সেট দুই ব্যাটার আউটের পরও দলটার লোয়ার অর্ডার বাংলাদেশকে কোন সুযোগ দেননি। পরে আরও দুই উইকেট হারালেেও আয়েশি জয় নিয়েই তারা মাঠ ছাড়েন।
