সাকিব এখন পাকিস্তানে, রোববার মাঠে নামতে পারেন!

অবশেষে পাকিস্তান সুপার লিগে পিএসএল দিয়ে দীর্ঘ দিন পর ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পিএসএলের দুই বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে দ্বিতীয়বারের মতো নাম লেখালেন সাকিব।

ইতোমধ্যে তিনি ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডেও যোগ দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এক সপ্তাহের মতো স্থগিত ছিল পিএসএল। আজ শনিবার থেকে ‍পুনরায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাঠে গড়াতে যাচ্ছে। পরিবর্তিত পরিস্থিতি বিদেশি ক্রিকেটারের সংকট কাটাতে সাকিবকে ভিড়িয়েছে লাহোর।

তাদের হয়ে চলতি আসরে ৫টি ম্যাচ খেলেছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় আছেন। পিএসএলের ক্যাম্পে সাকিবের যোগ দেওয়ার কথা এক ফেসবুক পোস্টে জানিয়েছে লাহোর।

আগামীকার শনিবার রাত ৯টায় লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি ‍মুখোমুখি হবে। এই ম্যাচে লাহোরের একাদশে দেখা যেতে পারে সাবেক টাইগার অধিনায়ককে। অবশ্য লিগপর্বে এটাই লাহোরের শেষ ম্যাচ।

দলটি প্লে-অফে উঠতে পারলে আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব। বর্তমানে পিএসএলের পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে লাহোর। সেরা চারে থেকে লিগপর্ব শেষ করতে পারলে তারা প্লে-অফ নিশ্চিত করবে।

Exit mobile version