সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনাল ও ফাইনাল। টুর্নামেন্টের ফাইনালে আগামী রোববার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
বছরের শুরুতে একটা এল ক্ল্যাসিকো উপভোগের সুযোগ ফুটবলভক্তদের সামনে। স্প্যানিশ সুপার কোপা এই সুযোগ এনে দিয়েছে। আগের দিন মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ফাইনাল নিশ্চিত করেছিল। আর বৃহষ্পতিবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে ফাইনালে উঠেছে বার্সেলোনা। রোববার সুপার কোপার শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে।
গত বছরের সুপার কাপের ফাইনালেও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা ৩-১ গোলে জয় পেয়েছিল।
এবার রিয়াল মাদ্রিদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। অন্যদিকে বার্সেলোনার সামনে সুযোগ সুপার কোপা জয়ের সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার। ১৪বার সুপার কোপা জয় করেছে তারা। রিয়াল মাদ্রিদ জয় করেছে ১২বার।
ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার হয়ে গোল করেছেন রবার্ট লেভানডোভস্কি ও লামিনে ইয়ামাল। দুটো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
প্রথমার্ধে বল নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য থাকলেও বার্সেলোনা গোল পাচ্ছিলো না। এমনকি প্রতিপক্ষের জন্য কোনো হুমকিও তৈরি করতে পারেনি।
লেভানডোভস্কি গোল করার সুযোগ পেয়েছিলেন কিন্তু তার সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ওসাসুনা গোলরক্ষক সের্জিও হেরেরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আর পারলেন না।
৫৯ মিনিটে ঠিকই লেভানদোভস্কি স্কোরশিটে নাম লিখিয়ে নিলেন।
লেভানদোভস্কির গোলের পর খেলোয়াড় পরিবর্তন করেন বার্সা কোচ জাভি। মাঠে আসেন হোয়াও ফেলিক্স। ধার বাড়ে বার্সেলোনার আক্রমণে।
শেষ পর্যন্ত সেই ফেলিক্স দ্বিতীয় গোলের রূপকার হলেন। দ্রুত প্রতিআক্রমণ গড়ে গোলের সুযোগ করে দেন ইয়ামালকে। দলের ফাইনাল নিশ্চিত করতে সুযোগটি নষ্ট করেননি তিনি। ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















