স্বল্প সময়ের জন্য হলেও ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো আর্সেনাল। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে। লিগে আর্সেনালের এটা টানা অষ্টম জয়।
আর্সেনালের হয়ে গোলে করেছেন ডেকলান রাইস ও কাই হাভার্টজ। ব্রেন্টফোর্ডের হয়ে গোল পরিশোধ করেন ইয়োনে উইসা।
এ জয়ের ফলে ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে উঠে এসেছে। লিভারপুল ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে। ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
আজ অবশ্য পয়েন্ট টেবিলে ব্যাপক পরিবর্তন আসতে পারে। শিরোপা কাদের ঘরে যেতে পারে তার একটা ধারণাও স্পষ্ট হতে পারে। কেননা আজ মুখোমুখি হচ্ছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। যারাই জিতবে তারাই পয়েন্ট টেবিলে নেতৃত্ব দেবে। ড্র হলে যার যার অবস্থান ধরে রাখবে।
এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক আর্সেনালের স্পষ্ট আধিপত্য ছিল। তারই সুবাদে ডেকলান রাইসের করা গোলে ১৯ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। বেন হোয়াইটের ক্রস থেকে উড়ে আসা বলে হেড করে রাইস বলকে সঠিক ঠিকানায় পৌঁছে দেন। বিরতির আগেই খেলার ধারার বিপরীতে ব্রেন্টফোর্ড ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।
১-১ গোলে ম্যাচ শেষ হওয়ার একটা সম্ভাবনা ছিল। আর্সেনাল পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল। কিন্তু শেষ মুহুর্তে তাদের হয়ে ত্রাতার ভূমিকায় নামেন কাই হাভার্টজ। এ গোলেরও রূপকার ছিলেন হোয়াইট। তার তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে হাভার্টজ দলকে প্রাপ্য জয় এনে দেন।
