১৩৬ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন বেথেল

এবার মাত্র ২১ বছর বয়সেই ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব পেলেন অলরাউন্ডার জ্যাকব বেথেল। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে দলকে মাঠে নামালেই তিনি হয়ে যাবেন ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক।

এর আগে এই রেকর্ডটি ছিল মন্টি বোডেনের। যিনি ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন মাত্র ২৩ বছর ১৪৪ দিন বয়সে। তখন নিয়মিত অধিনায়ক অবারি স্মিথ অসুস্থ থাকায় সুযোগ পেয়েছিলেন বোডেন। এবার সেই তালিকায় সবার ওপরে উঠে আসতে যাচ্ছেন জ্যাকব বেথেল।

ইংল্যান্ডের সাদা বলের নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুককে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে দলে আছেন তারকা খেলোয়াড় জস বাটলার ও স্পিনার আদিল রশিদ। বেথেলের আন্তর্জাতিক অভিজ্ঞতা এখনও সীমিত। মাত্র ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেই নজর কেড়েছেন তিনি। তার ব্যাটিং গড় ৪০.১৪ আর স্ট্রাইক রেট ১৫৪.৩৯। সঙ্গে বল হাতে অবদান রাখায় দ্রুতই নিজেকে প্রতিষ্ঠা করেছেন এক নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে।

গত বছর ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল তার। তারপর থেকেই সব ফরম্যাটে জায়গা করে নিয়েছেন দলে। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সুযোগ পান এবং সীমিত সুযোগেই ভালো পারফরম্যান্স করেন।

আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ। এর ঠিক কয়েক দিন আগেই শেষ হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ। বলা যায়, ইংল্যান্ড ক্রিকেটে উঠতি তারকা থেকে এখন তিনি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হয়ে উঠছেন।

Exit mobile version