বিশ্ব ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানের পুরস্কার ব্যালন ডি’অরের অপেক্ষার আর কিছুদিন মাত্র। ফ্রান্স ফুটবল জানিয়েছে, আগামী ৭ আগস্ট প্রকাশ করা হবে সংক্ষিপ্ত তালিকা, আর বিজয়ীর নাম জানা যাবে ২২ সেপ্টেম্বর।
প্রতি বছরের মতো এবারও পুরস্কারের জন্য বিবেচনায় থাকছে সদ্য শেষ হওয়া মৌসুমের পারফরম্যান্স। তিনটি বিষয়ের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ হবে। এগুলো হচ্ছে, ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় সাফল্য ও ফেয়ার প্লে আচরণ। শুরুতে ফ্রান্স ফুটবল ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে। এরপর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে ফুটবল সাংবাদিক ভোট প্রদান করবেন। প্রতিজন সাংবাদিক ১০ জন খেলোয়াড়কে পয়েন্ট দিয়ে মূল্যায়ন করতে পারেন। সর্বোচ্চ ১৫ পয়েন্ট থেকে শুরু করে ১২, ১০, ৮ করে ক্রমানুসারে এক পয়েন্ট পর্যন্ত দেয়া যাবে পয়েন্ট। সব ভোটের পয়েন্টের যোগফলের পরেই নির্ধারিত হবে সেরা ফুটবলারের নাম। সমান পয়েন্ট হলে বিবেচনায় আনা হবে সর্বোচ্চ ১৫ পয়েন্ট পাওয়ার সংখ্যা।
এবার সম্ভাব্য বিজয়ীদের তালিকায় এগিয়ে আছেন ফ্রান্স ও পিএসজি উইঙ্গার উসমান দেম্বেলে। মৌসুমজুড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৮ গোল ও ১৪ অ্যাসিস্ট। দলে তুলে এনেছেন চারটি শিরোপা এবং ক্লাব বিশ্বকাপেও পৌঁছেছেন ফাইনালে।
তার সতীর্থ ভিতিনিয়াও শেষ দিকে নজরকাড়া পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন আলোচনায়। দেম্বেলের মতো তিনিও চারটি শিরোপা জিতেছেন এবং সঙ্গে যুক্ত হয়েছে নেশন্স লিগের শিরোপা।
তালিকার তিন নম্বরে রয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। পুরো মৌসুমে করেছেন ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট, যা মিলে ৪৭ গোলে সরাসরি অবদান। ইপিএলের গোল্ডেন বুট ও প্লেমেকার পুরস্কারও উঠেছে তার হাতে।
বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াও আছেন আলোচনায়। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৪ গোল ও ২২ অ্যাসিস্ট করলেও দলীয় অর্জনে কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি। বার্সেলোনা এবার ক্লাব বিশ্বকাপে উঠতে পারেনি এবং চ্যাম্পিয়ন্স লিগেও ব্যর্থ হয়েছে।
আরও আলোচনায় আছেন বার্সার উঠতি তারকা লামিনে ইয়ামাল। সদ্য ১৮ বছরে পা দেওয়া এই স্প্যানিশ ফরোয়ার্ড দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। অ্যাসিস্টের হিসাবে সবার উপরের দিকে থাকলেও বয়সের কারণে এবার হয়তো পুরস্কার না জিতলেও ভবিষ্যতে তিনি হবেন বড় দাবিদার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















