২-১ দিনের মধ্যেই এশিয়া কাপের ট্রফি চায় ভারত

২-১ দিনের মধ্যেই এশিয়া কাপের ট্রফি চায় ভারত


এশিয়া কাপ জয়ের এক মাস পার হলেও এখনো ট্রফি হাতে পায়নি ভারত। এনিয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা-বিসিসিআই অসন্তুষ্টি প্রকাশ করেছে। আগামী মঙ্গলবার দুবাইয়ে বসছে আইসিসির ত্রৈমাসিক সভা। এতে এশিয়া কাপ ট্রফি বিতর্ক উত্থাপন করবে ভারত। সভার আগেই ট্রফি পৌঁছানোর আশা করছে বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া। ভারতের জনগনকেও প্রতিশ্রুতি দিচ্ছেন, ট্রফি ভারতে ফিরবেই।

দুবাই পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপের শিরোপা জিতেছে সেই ২৮ সেপ্টেম্বর। কিন্তু জয়ের পর এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতের ক্রিকেট দল। কারণ নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন। নাকভিও নিজের অবস্থান থেকে সরেননি এক চুলও। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর ট্রফি দেওয়া হয়নি। নাকভির নির্দেশে সেটি নিয়ে যাওয়া হয় দুবাইয়ে এসিসির সদর দপ্তরে। এর মাঝে নাকভি শর্ত দেন, ট্রফি নিতে হলে ভারতীয় দলের কাউকে এসিসির দপ্তরে এসে নিতে হবে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বোর্ড প্রায় ১০ দিন আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে। তবুও এখনো ট্রফি হস্তান্তর করা হয়নি। তিনি আশা প্রকাশ করেন, এক-দুই দিনের মধ্যেই ট্রফিটি ভারতের মুম্বাই অফিসে পৌঁছাবে। যদি শিগগিরই ট্রফি হস্তান্তর না হয়, তাহলে আইসিসির সভায়


তোলা হবে। ভারতীয় ভক্তদের আশ্বস্ত করে সাইকিয়া বলেন, “ট্রফি শেষ পর্যন্ত দেশে ফিরবেই। পাকিস্তানের বিপক্ষে আমরা সব ম্যাচে জিতেছি এবং শিরোপা জিতেছি সবকিছু রেকর্ডে আছে, শুধু ট্রফিটাই বাকি।”


ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব ক্রিকেটে নানাভাবেই পড়েছে যুগে যুগে। তবে এবারের এশিয়া কাপে তা ছাড়িয়ে গেছে অতীতের সবকিছুকে। গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভাব। ম্যাচের পরে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। প্রতিবাদে পুরস্কার বিতরণী আয়োজন ও সংবাদ সম্মেলন বর্জন করে পাকিস্তান।

Exit mobile version