৩০১ রানে লিড নিয়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা

৩০১ রানে লিড নিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা

৩০১ রানে লিড নিয়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা। বৃহস্পতিবার নিজেদের প্রথম ইনিংসে ১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে আয়ারল‍্যান্ড করে ২৮৬ রানে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১৪ রান তুলেছে আইরিশরা। এখনও বাংলাদেশের চেয়ে ২৮৭ রানে পিছিয়ে তারা।

সকালে ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে ব্যাটিং শুরু করে দ্রতই ২ উইকেট হারায় বাংলাদেশ। নতুন বলে ১৪ বলের মধ‍্যে বিদায় নেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দিনের দ্বিতীয় ওভারে মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে বড় জুটি ভাঙলেন ব‍্যারি ম‍্যাককার্থি। ম‍্যাককার্থির প্রথম দুই বলে আসে দুটি সিঙ্গেল।

তৃতীয় বল ছিল অফ স্টাম্পের বাইরে, পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন জয়। ঠিকঠাক পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লর্কান টাকারের গ্লাভসে। ভাঙে ২৭২ বল স্থায়ী ১৭৩ রানের জুটি। ২৮৬ বলে চার ছক্কা ও ১৪ চারে ১৭১ রান করেন জয়। ৮৭ ওভারে বাংলাদেশে রান তখন ২ উইকেটে ৩৪১। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার মুমিনুলকেও ফেরালেন ম‍্যাককার্থি।

পরপর দুই ওভারে আগের রাতের দুই অপরাজিত ব‍্যাটসম‍্যানকে ফিরিয়ে দিলেন ব‍্যারি ম‍্যাককার্থি। তার অফ স্টাম্পের বাইরে ডেলিভারি ছোবল দেয় মুমিনুল হকের ব‍্যাটের কানায়। এত ভেতরে ঢুকবে আশাই করেননি বাঁহাতি ব‍্যাটসম‍্যান। দ্বিতীয় স্লিপে ক‍্যাচ নেন অ‍্যান্ড বালবার্নি। ১৩২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৮২ রান করেন মুমিনুল।

এরপর ব্যাটিংয়ে নেমে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন শান্ত। ১১২ বলে ১৪ বাউন্ডারিতে সেঞ্চুরির পর বিদায় নেন। এছাড়া লিটন ৬০ ও মিরাজ ১৭ রান করে ফেরেন। তবে দুই চারে ১৩ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ। আর এক চারে ৪ রানে নাহিদ। বাংলাদেশের প্রথম ছয় ব‍্যাটসম‍্যানের পাঁচজনই করেন অন্তত ৬০ রান। সর্বোচ্চ ১৭১ রান আসে ওপেনার মাহমুদুল হাসানের ব‍্যাট থেকে। ১০০ রান করেন অধিনায়ক শান্ত। আয়ারল‍্যান্ডের হয়ে ১৭০ রানে ৫ উইকেট নেন ম‍্যাথু হামফ্রিজ।

Exit mobile version