চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অফ রূপগঞ্জকে উড়িয়ে দিয়েছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শনিবার বিকেএসপিতে রূপগঞ্জকে ৫ উইকেটে হারায় তারা। দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু।
এ জয়ের ফলে লিগে সাত ম্যাচে ৫ জয়ে প্রাইম ব্যাংকের পয়েন্ট ১০। সমান খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট লিজেন্ডস অফ রূপগঞ্জের।
বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অফ রূপগঞ্জ ৪৩.৩ ওভারে ১৬৫ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন আমিনুল ইসলাম বিপ্লব। এছাড়া ইমরানুজ্জামান ১৯ ও শহিদুল ইসলামের ব্যাট থেকে আসে ২১ রান।
১০ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন নাগিন ড্যান্সখ্যাত নাজমুল অপু। এছাড়া অলক কাপালি ও রুবেল হোসেন দুইটি করে উইকেট নেন।
জবাবে, ১৬৬ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন প্রাইমের দুই ওপেনার। শেষ পর্যন্ত ৩৪.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে তামিমের দল।
এদিন ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ৩৫ রান করে বিদায় নেন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া ওপেনার শেখ মেহেদী হাসান ১৬ ও পারভেজ হোসেন ইমন ২২ রানে বিদায় নেন। এছাড়া সাব্বির রহমান করেন ২৮ রান নিলে শেষ দিকে নাঈম ইসলাম ২৮ ও অলক কাপালি ২১ রান করে অপরাজিত থাকেন।
