অবশেষে গোলের দেখা পেলেন লাউতারো মার্টিনেজ

ক্যালিয়ারির পোস্টে শট নিচ্ছেন ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ

সেরি-আতে শনিবার ছিল ইন্টার মিলানের বড় দিনের উৎসবের রাত। একদিকে তাদের দলের মূল স্ট্রাইকার বিশ্বকাপ জয়ী তারকা লাউতারো মার্টিনেজ গোল খরা থেকে মুক্তি পেয়েছেন। অন্যদিকে পয়েন্ট টেবিলে তাদের প্রতিদ্বন্দ্বী আতালান্তা পয়েন্ট হারিয়েছে। ইন্টার মিলান ৩-০ গোলে হারিয়েছে ক্যালিয়ারিকে। একই রাতে আতালান্তা ১-১ গোলে ল্যাজিও’র সঙ্গে ড্র করেছে। ক্যালিয়ারির বিপক্ষে লাউতারোর পাশাপাশি গোল করেছেন আলেজান্দ্রো বাস্তোনি ও হাকান কালহানোগলু।

ক্যালিয়ারির বিপক্ষে জয়ের ফলে ইন্টার মিলানের পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ১৮ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে বর্তমানে আতালান্তা শীর্ষে রয়েছে। ইন্টার মিলানের পয়েন্ট ৪০। তবে তারা একটা ম্যাচ কম খেলেছে।

ইন্টার মিলানের অধিনায়ক লাউতারোর সঙ্গে গোলের যেন একটা আড়ি হয়েছিল। নভেম্বরের ৩ তারিখ ভেনেজিয়ার বিপক্ষে তিনি সর্বশেষ গোল পেয়েছিলেন। দীর্ঘ বিরতির পর শনিবার ৭১ মিনিটে এ আর্জেন্টাইন স্ট্রাইকার স্কোরশিটে নাম লেখাতে সমর্থ হন। তার এ গোলটি ছিল দলের দ্বিতীয় গোল। তার আগে বাস্তোনি ৫৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। আর ৭৮ মিনিটে কালহানোগলু পেনাল্টি থেকে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। এর ফলে অ্যাওয়েতে ইন্টার মিলানের টানা পঞ্চম জয় নিশ্চিত হয়।

ইতালিয়ানা সুপারকোপার আগে এটা ইন্টার মিলানের জন্য দারুণ এক জয়। আগামী ২ জানুয়ারি সৌদি আরবে ইতালিয়ানা সুপারকোপার সেমিফাইনালে এই আতালান্তার মুখোমুখি হবে ইন্টার মিলান। অন্য সেমিফাইনালে জুভেন্টাস ও এসি মিলান খেলবে।

Exit mobile version