প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিভিন্ন দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পদে নিয়োজিত আছেন মাহবুব আনাম। তবে একই ব্যক্তি দীর্ঘ দিন বিসিবির দায়িত্বে থাকা নিয়ে কম সমালোচনা হয়নি। নানা বিতর্কের পর অবশেষে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মাহবুব।
বর্তমান পরিচালকদের মেয়াদ শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর। সেখানে প্রার্থীতা করার গুঞ্জন থাকলেও, আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন মাহবুব আনাম। বিসিবির আসন্ন নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করবেন বলে আলোচনা উঠেছিল। তবে বিসিবির নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন মাহবুব আনাম।
ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে নানা আলোচনার কারণেই এমন সিদ্ধান্ত! মাহবুব আনামের এমন ঘোষণার পর বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গেও যোগাযোগ করা হয়। এরমধ্যে দুইজন পরিচালক জানিয়েছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। সে কারণে কোনো মন্তব্য করতেও রাজি হননি।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক এই ক্রিকেটার অবসরের পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সংগঠক হিসেবে যোগ দেন ১৯৮৬ সালে। এরপর ২০০১ সালে তিনি প্রথম জাতীয় ক্রিকেট প্রশাসনের বড় দায়িত্ব পান। ওই সময় বিসিবির (তৎকালীন বিসিসিবি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন মাহবুব আনাম। এরপর থেকেই তিনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার সঙ্গে আছেন।
