অবসরে গেলেন শন উইলিয়ামস

টি-টোয়েন্টি অভিষেক হয়েছিলো বাংলাদেশের বিপক্ষে। এবার সেই বাংলাদেশের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস।

আজ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের পরেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইলিয়ামস। অবশ্য ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বাকি দুই ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন।

জয় দিয়েই নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইতি টানলেন উইলিয়ামস। আজ মিরপুরে ম্যাচ শেষে ড্রেসিংরুমে সতীর্থদের উপস্থিতিতে অবসরের ঘোষণা দেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ২০০৬ সালের ২৮ নভেম্বর টি-টোয়েন্টি অভিষেক হয় শন উইলিয়ামসের। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে তাঁর রান ১৬৯১, ফিফটি ১১টি। এছাড়া বাঁহাতি স্পিনে ৭৩ ইনিংস বল করে ৯ দশমিক ৯৩ ইকোনোমিতে ৪৮ উইকেট নিয়েছেন তিনি।

Exit mobile version