গত বছরের আগস্টে টেস্টকে বিদায় জানিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কারণ হিসেবে বলেছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে চান তিনি। এবার ৭ মাসের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন এই লঙ্কান স্পিনিং অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারো লাল বলের ক্রিকেটে ফিরছেন হাসারাঙ্গা।
শ্রীলঙ্কার এই স্পিনার নিজের টেস্ট ক্যারিয়ার শুরু করেন ২০২০ সালে। সেবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় হাসারাঙ্গার। ২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে নিজের চার টেস্টের ছোট ক্যারিয়ারের ইতি টানেন এই লেগ স্পিনার। এবার সেই বাংলাদেশের বিপক্ষেই সাদা পোশাকে দেখা যাবে তাঁকে।
গতকাল ম্যাচ শেষে বাংলাদেশের বিপক্ষে ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দলটিকে নেতৃত্ব দিবেন ধনাঞ্জয়া ডি সিলভা। দলটিতে আছে দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২২শে মার্চ।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডঃ
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুষ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাত জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা এবং চামিকা গুনাসেকারা।
