কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল, অভিমানে নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। অবশেষে সেটাই সত্যি হলো। সিদ্ধান্ত জানাতে খুব একটা দেরিও করেননি। শনিবার (২৮ জুন) লঙ্কানদের বিপক্ষে কলম্বোতে শেষ টেস্টে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারের পরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।
নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’
এছাড়া শান্ত বলেন,‘আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’
সম্প্রতি ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয় বিসিবি। তার জায়গায় এসেছেন মেহেদি হাসান মিরাজ। এর আগে শান্ত নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগী হতে। সেইসময় বোর্ডকেও জানিয়েছিলেন, তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে চান।
এর আগে টেস্টের নেতৃত্ব ছাড়ার বিষয়ে ‘ক্রিকবাজ’-কে শান্তর ঘনিষ্ঠ এক সূত্র বলেছিলেন, ‘আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর তিনি টেস্ট অধিনায়ক হিসেবে আর থাকবেন না। আমি তাকে অনেক দিন ধরে চিনি, এবং যতদূর আমি বুঝতে পারি তার সঙ্গে যা ঘটেছে তাতে তিনি খুশি নন।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















