এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে পাকিস্তান। তার আগেই আলোচনায় পাকিস্তান দল। সৌজন্যে পাক ওপেনার সাহিবজাদা ফারহানের উচ্ছ্বাসের একটি ধরন। অর্ধশতরানের পর ব্যাটটিকে নিয়ে বন্দুক ধরার মতো একটি বিশেষ কায়দায় উচ্ছ্বাস করেছেন তিনি। যা মানতে পারছেনা ভারদের দর্শকরা।
পাকিস্তানের হয়ে শুরুটা ভালই করেছিলেন ফারহান। হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরাহদের উপর দাপট দেখিয়ে দ্রুত গতিতে রান তুলছিলেন। দশম ওভারে অক্ষর পটেলের একটি বল মিড উইকেটের উপর শট খেলে অর্ধশতরান পূরণ করেন। এর পরেই ব্যাটের হাতলটিকে কাঁধের কাছে রেখে এমন ভাবে উচ্ছ্বাস করেন, যেন মনে হচ্ছে বন্দুক চালাচ্ছেন। খেলাধুলোর জগতে এই ধরনের উচ্ছ্বাস ‘একে৪৭ সেলিব্রেশন’ নামে পরিচিত।
ম্যাচে ৬ উইকেটে জয় ভারতের। তবে মুহূর্তের মধ্যে এই ছবি ভাইরাল হয়ে যায়। পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্ক মোটেই ভাল নয়। এশিয়া কাপে দুই দেশ মুখোমুখি হবে কি না, তা নিয়েই নিশ্চয়তা ছিল না। তার উপর প্রথম ম্যাচের পর করমর্দন-বিতর্কে তোলপাড় হয় ক্রিকেটবিশ্ব। সে সবের মাঝে ফারহানের এই উচ্ছ্বাস বিতর্কের জন্ম দিয়েছে।
