১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আয়োজিত অলিম্পিক গেমসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ও নারী বিভাগে ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে। তবে মাত্র ৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে বাছাই পদ্ধতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, অলিম্পিক কমিটির পছন্দের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আঞ্চলিক ভিত্তিতে বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শক্তিশালী হলেও কিছু দেশ বাদ পড়তে পারে। যেমন—এশিয়া থেকে ভারত, ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া এবং ইউরোপ থেকে গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড) সরাসরি অংশগ্রহণ করবে। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রও টুর্নামেন্টে থাকবে।
এই অবস্থায় র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকলেও বাদ পড়তে পারে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারত এক নম্বরে, অস্ট্রেলিয়া দুইয়ে, নিউজিল্যান্ড চার নম্বরে থাকলেও ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে অস্ট্রেলিয়া সুযোগ পেলে বাদ পড়তে হবে কিউইদের।
এশিয়ার ক্ষেত্রেও একই প্রেক্ষাপট—যেখানে ভারত সরাসরি যাচ্ছে বলে র্যাঙ্কিংয়ে যথাক্রমে ৭, ৮, ৯ ও ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ বাদ পড়তে পারে।
এ বিষয়ে দ্য গার্ডিয়ান আরও জানায়, “আইসিসির প্রস্তাব অনুযায়ী আঞ্চলিক ভিত্তিতে শীর্ষ র্যাঙ্কপ্রাপ্ত দেশগুলো অলিম্পিকে খেলার সুযোগ পাবে। স্বাগতিক যুক্তরাষ্ট্র প্রতিনিধিত্ব করবে আমেরিকান অঞ্চলকে। তবে যদি যুক্তরাষ্ট্রে ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সংকট চলমান থাকে, তবে ক্যারিবীয় দেশগুলোর মধ্যে কেউ এই জায়গায় সুযোগ পেতে পারে।”
তবে এখনও পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে বাছাই নীতিমালা প্রকাশ করেনি। এর ফলে অংশগ্রহণে আগ্রহী কিছু দেশ যেমন—বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড, তারা সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট। তবে আইসিসি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানায় গার্ডিয়ান।
অন্যদিকে, নারীদের অলিম্পিক বাছাই হবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফলাফলের ওপর ভিত্তি করে। এই সিদ্ধান্ত নিয়েও অনিশ্চয়তা থাকলেও আইসিসি বা অলিম্পিক কর্তৃপক্ষ তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
প্রসঙ্গত, অলিম্পিকে ক্রিকেট সর্বশেষ অন্তর্ভুক্ত হয়েছিল ১৯০০ সালে, যেখানে গ্রেট ব্রিটেন ফ্রান্সকে হারিয়ে একমাত্র ম্যাচে স্বর্ণপদক জিতেছিল। সেই দীর্ঘ বিরতির পর ক্রিকেট ফিরছে অলিম্পিকে, তবে সেই ফেরা কিছু দেশের জন্য হতে পারে হতাশার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















