অশালীন শব্দ ব্যবহারের শাস্তি পেলেন জাম্পা

অশালীন শব্দ ব্যবহারের শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা। গত মঙ্গলবার (১৯ আগস্ট) কেয়ার্নসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে এই ঘটনা ঘটেছিল। এটি ছিল গত ২৪ মাসে তার কৃত প্রথম অপরাধ এবং আইসিসি আচরণবিধির লেভেল-১ ভঙ্গের কারণে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭তম ওভারে, যখন তার বোলিংয়ের সময় মিসফিল্ড এবং ওভার-থ্রো হয়। এরপর স্টাম্প মাইক্রোফোনে জাম্পার ‘অনুপযুক্ত ভাষা’র ব্যবহার ধরা পড়ে, যা টেলিভিশন সম্প্রচারে ধরা পড়ে। তাকে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৩ অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘শ্রাব্য অশালীন শব্দ ব্যবহারের’ সাথে সম্পর্কিত।

জাম্পা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে নিজের ভুল স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন, ফলে আর শুনানির দরকার পড়েনি। লেভেল-১ অপরাধের ন্যূনতম শাস্তি হলো তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হলো ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা, সাথে এক বা দুই ডিমেরিট পয়েন্ট।

অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯৮ রানে হেরেছিল। এই লেগ স্পিনার ম্যাচে ১০ ওভারে ৫৮ রানে ১ উইকেট নেন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে আগামী শুক্রবার (২২ আগস্ট) ও রোববার (২৪ আগস্ট) ম্যাকায়ে অনুষ্ঠিত হবে। এর আগে অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল।

Exit mobile version