এবার গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় দলের সাবেক তারকা বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মেদ শালান। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।গাজার খান ইউনিসের কাছে একটি ত্রাণ বিতরণকেন্দ্র থেকে অসুস্থ মেয়ে মরিয়ম ও তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য খাবার ও ওষুধ আনতে যেয়ে প্রাণ হারান শালান (৪০)।
স্থানীয় গণমাধ্যম বলছেন,‘মরিয়ম রক্তে বিষক্রিয়ায় ভুগছিলেন। তার কিডনি সমস্যা আছে। মারা যাওয়ার আগ পর্যন্ত শালান বারবার মেয়ের সুচিকিৎসার জন্য সহায়তা চেয়ে গেছেন। ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ শালান। তাকে ‘আল-জিলজাল’নামে ডাকা হোত। ফিলিস্তিন জাতীয় দলের পাশাপাশি তিনি খাদামাত আল-বুরেইজ, খাদামাত আল-মাগাজি ও খাদামাত খান ইউনিসসহ বেশ কয়েকটি স্থানীয় দলের পক্ষে খেলেছেন।
এর আগে রাফাহ ইউথ ক্লাবের কর্মকর্তা সালেম আল-শায়ের (২৬) ও আল-সালাহ স্পোর্টস ক্লাবের সাবেক তারকা আহমেদ আল-জাওরানি (৪০)। ফিলিস্তিনের ক্রীড়া কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ৬৭০ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।
চলতি মাসের শুরুতে ‘ফিলিস্তিনের পেলে’হিসেবে পরিচিত ফুটবল তারকা সুলেইমান আল-ওবেইদ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। তিনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে স্থাপিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্র থেকে খাবার সংগ্রহ করতে যেয়ে নিহত হন। মানবাধিকার সংস্থাগুলো জিএইচএফের কার্যক্রমকে আন্তর্জাতিক অপরাধের সঙ্গে তুলনা করেছে এবং নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ‘ক্ষুধাকে অস্ত্র’ হিসেবে ব্যবহারের অভিযোগ এনেছে।
