লা লিগায় রোববার রাতে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা অ্যাতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে। হোয়াও ফেলিক্স প্রথমার্ধে করেছেন গোলটি।
সময়টা খুব ভালো যাচ্ছে না এবার বার্সেলোনার। ১৫ ম্যাচের মধ্যে এ পর্যন্ত দলটি পাঁচ ম্যাচে পয়েন্ট হারিয়েছে। শীর্ষে থাকা চার দলের কোনো দলই এত বেশি ম্যাচে পয়েন্ট হারায়নি।
এ ম্যাচে জয়ের ফলে বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। অ্যাতলেতিকো মাদ্রিদ ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৮। সমান পয়েন্টে জিরোনার। তবে গোল পার্থক্যে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। অ্যাতলেতিকো মাদ্রিদ ছাড়া বাকি তিন দল ১৫ টি করে ম্যাচ খেলেছে। অ্যাতলেতিকো খেলেছে ১৪ ম্যাচ। ফলে বার্সেলোনাকে টপকে যাওয়ার সুযোগ আছে তাদের।
পর্তুগীজ তারকা হোয়াও ফেলিক্স লোনে বার্সেলোনার হয়ে খেলছেন। ৭৭ মিনিটে বার্সেলোনা কোচ যখন তাকে মাঠ থেকে তুলে নেন তখন বার্সা সমর্থকরা তাকে দাঁড়িয়ে অভিনন্দন জানান। রাফিনহার পাস থেকে বল পেয়ে দারুণভাবে অ্যাতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক ওলবাকের মাথার ওপর দিয়ে বলকে জালে পাঠিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার পোর্তোর বিপক্ষেও গোল করেছিলেন হোয়াও ফেলিক্স।
ম্যাচ শেষে ফেলিক্স বলেন, সমর্থকরা যখন আমার নাম ধরে চিৎকার করছিল তখনকার ঘটনাটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি জানি বার্সেলোনা একটা বড় ক্লাব। আর সেখানে আমার নাম ধরে চিৎকার করার ঘটনা দারুণ ব্যাপার।
