বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে আজ ঢাকায় আসছেন আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শাল। মূলত পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া এই ব্রিটিশ বিশেষজ্ঞ বিসিবির দুর্নীতি দমন কার্যক্রমকে নতুনভাবে সাজাতে কাজ করবেন।
ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি নিয়ন্ত্রণ বিসিবির জন্য বরাবরই বড় চ্যালেঞ্জ। বিভিন্ন টুর্নামেন্টে ফিক্সিং ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলেও সেগুলো পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। তাই অভিজ্ঞ মার্শালের সহায়তায় নতুন করে কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিসিবি।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবিলা করেছি, সবার চাওয়া ছিল এই বিভাগকে আরও শক্তিশালী করা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে এনেছি।”
আজ সোমবার ঢাকায় পৌঁছে মার্শাল একাধিক কর্মশালায় অংশ নেবেন। ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট এবং আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এছাড়া অতীতে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট কীভাবে কাজ করেছে, তারও বিস্তারিত পর্যালোচনা করবেন বলে জানা গেছে।
অ্যালেক্স মার্শালের পেশাগত অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ২০১৭ সালে তিনি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমনে দীর্ঘ অভিজ্ঞতাকে ক্রিকেট প্রশাসনে কাজে লাগিয়ে সুনাম অর্জন করেছিলেন তিনি।
বিসিবি আশা করছে, তাঁর যোগদান ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলবে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, বিসিবির এ সিদ্ধান্ত সামনের দিনগুলোতে খেলোয়াড়দের মধ্যে সততার চর্চা বাড়াতে সহায়তা করবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















