আইসিসি থেকে সুখবর পেলেন রিশাদ-লিটনরা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অসাধারণ বোলিংয়ের পর আইসিসি থেকে বড় সুখবর পেলেন রিশাদ-লিটন-পারভেজরা। বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।

সেখানে ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় এছাড়া বড় লাফ দিয়েছেন লিটন কুমার দাস, পারভেজ হোসেন ও শরিফুল ইসলাম। ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮ রানে ৩ উইকেট নেন রিশাদ।

সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেট নেন। দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছেন ২৩ বছর বয়সী লেগ স্পিনার, তার অবস্থানও ক্যারিয়ার সেরা।

দ্বিতীয় ম্যাচ দিয়ে একাদশে ফেরা শরিফুল ইসলাম ১২ রানে ২ উইকেট নিয়ে এগিয়েছেন ২০ ধাপ। ৪৮২ রেটিং নিয়ে এখন ৫৭ নম্বরে বাঁহাতি পেসার। আগের মতো ২৬ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। ৪ ধাপ পিছিয়ে শেখ মেহেদি হাসান ২৫ ও সমান পিছিয়ে তাসকিন আহমেদ ২৯ নম্বরে আছেন।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে নুয়ান থুসারা। ২ ধাপ পিছিয়ে ৬ নম্বরে ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।

৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ব্যাটিংয়ে ৭ ধাপ এগোলেন লিটন। ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে বাংলাদেশ অধিনায়ক। সিরিজের প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলা পারভেজ হোসেন ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন। ১ ধাপ এগিয়ে ৪১ নম্বরে তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবার ওপরে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ মিলিয়ে ২১ রান করা তানজিদ হাসান ২ ধাপ পিছিয়ে আছেন ৫৫ নম্বরে। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ম্যাচ জেতানো ৭৩ রানের ইনিংস খেলা কুসাল মেন্ডিস ৩ ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে।

Exit mobile version