ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে অসংযত আচরণের কারণে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ম্যাচের সময় অধিনায়কের প্রতি অসন্তোষ প্রকাশ এবং একাধিকবার মাঠ ছেড়ে যাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
ম্যাচের ঘটনাটি ঘটে ফিল্ডিংয়ের সময়। ইনিংসের চতুর্থ ওভারে জোসেফ প্রথমবার মাঠ ছাড়েন। অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতবিরোধ প্রকাশ করে তিনি মাঠ থেকে বেরিয়ে যান। পরবর্তীতে ইংল্যান্ডের ব্যাটসম্যান জর্ডান কক্সকে আউট করেও দলের সঙ্গে উদ্যাপন না করে নিজে একা বোলিং প্রান্তে চলে যান। অধিনায়কের সঙ্গে কোনো কথা না বলেই মাঠ ত্যাগ করেন জোসেফ। ম্যাচের পর কোচ ড্যারেন স্যামি জোসেফকে বোঝানোর চেষ্টা করলেও তার আচরণ পরিবর্তন হয়নি। আরও দুইবার ফিল্ডিং ও বোলিংয়ের সময় জোসেফের অসহযোগিতা দেখা যায়।
ম্যাচ শেষে কোচ ড্যারেন স্যামি জোসেফের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, ‘‘দলে যে সংস্কৃতি আমরা তৈরি করতে চাই, এর সঙ্গে এমন আচরণ একেবারেই বেমানান।’’
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোম্ব দ্রুতই শাস্তিমূলক সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি বলেন, ‘‘জোসেফের আচরণ আমাদের মৌলিক মূল্যবোধের পরিপন্থী। এমন আচরণ উপেক্ষা করা যায় না।’’
জোসেফ তাঁর আচরণের জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘‘আমি অধিনায়ক, সতীর্থ এবং ভক্তদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার সামান্য বিবেচনাবোধের অভাব বড় প্রভাব ফেলতে পারে, তা উপলব্ধি করছি।’’
যদিও এই নিষেধাজ্ঞা কোন সংস্করণে কার্যকর হবে, তা সিডব্লিউআই পরিষ্কার করেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















