আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

মেহেদী মিরাজ ও তাওহীদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে বিপর্যয় কাটায় বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় ২২১ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ।

আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৫৩ রানের মধ্যে আউট হন ওপেনার তানজিদ হাসান (১০রান) ও সাইফ হাসান (২৬ রান) এবং ওয়ান ডাউনে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত (২ রান)।

সেখান থেকে চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ। উভয়েই তুলে নেন হাফ সেঞ্চুরি। হৃদয় ৫৬ রান করে আউট হওয়ার পর অধিনায়ক মিরাজও ব্যক্তিগত ইনিংসটাকে আর লম্বা করতে পারেননি। আউট হন ৬০ রান করে।

এই দুই ব্যাটারের আউটের পর আবারও ধস নামে বাংলাদেশের ইনিংসে। শুরু হয় উইকেটে আসা যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ৪৮ ওভার পাঁচ বলেই ২২১ রানে গুটিয়ে যায় মিরাজ বাহিনী।

দাপুটে বোলিংয়ে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান। এছাড়া গজনফার নিয়েছেন দুই উইকেট।

Exit mobile version