আফ্রিকান নেশনস কাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে নাইজেরিয়া। শুক্রবার অ্যাঙ্গোলাকে ১-০ গোলে হারিয়ে তারা সেমিতে খেলা নিশ্চিত করেছে। একমাত্র গোলটি করেন আদেমোলা লুকমান।
এবার সেমিফাইনালে পৌঁছানোর মাঝ দিয়ে নাইজেরিয়া গত ১৫ টুর্নামেন্টের মধ্যে ১৩বারই শেষ চারে পৌঁছালো। একই সঙ্গে এবারের আসরে তারা নিজেদের শিরোপা অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কেননা এরই মধ্যে বেশির ভাগ শক্তিশালী দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
অ্যাঙ্গোলা এর আগে কখনো কোয়ার্টার ফাইনালে খেলেনি। এবারই প্রথম তারা কোয়ার্টার ফাইনালে খেলে। বিদায় নিলেও ম্যাচে প্রথম গোলের সুযোগ তারা পেয়েছিল। চতুর্থ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে নাইজেরিয়ার পোস্টের খুব কাছ থেকে মাবুলুল যে শট নিয়েছিলেন তা ভাগ্যক্রমে গোলরক্ষক স্ট্যানলে ফিরিয়ে দিতে সমর্থ হন। এ অর্ধেই ভিক্টোরিয়া ওসিমহেন চমৎকার সুযোগ পেয়েছিলেন দলকে এগিয়ে নেওয়ার। কিন্তু তিনি গোল করতে পারেননি। আফ্রিকান বর্ষসেরা এ খেলোয়াড় ৭৫ মিনিটে একবার অ্যাঙ্গোলার জালে বল ফেলেছিলেন। কিন্তু ভিএআর দেখে রেফারি গোল বাতিল করেন।
ম্যাচে অ্যাঙ্গোলা আরো বেশি প্রতিদ্বন্দ্বিতা ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের। সুযোগ কাজে লাগাতে পারেনি। বিশেষ করে ৫৯ মিনিটে বদলি খেলোয়াড় জিনির ব্যর্থতা তাদের হতাশ করেছে। তার চমৎকার শট পোস্টে লেগে ফিরে আসে। তার আগে ৪১ মিনিটে আদেমোলা লুকমান গোল করে নাইজেরিয়াকে এগিয়ে নেন।
সেমিফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। শনিবার অপর এক কোয়ার্টার ফাইনালে কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে। এ ম্যাচের জয়ী দল আগামী শনিবার সেমিফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















