ফেডারেশন কাপ সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো বসুন্ধরা কিংস ও আবাহনী। সেই ম্যাচে ঐতিহ্যবাহী আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মৌসুমের আরেক টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে দেশীয় ফুটবলের পরাশক্তি বসুন্ধরা কিংস।
গোপালগঞ্জ আবাহনীর হোম ভেন্যু। ম্যাচের ১৩ মিনিটেই কিংসের ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহোর গোলে এগিয়ে যায় সফরকারীরা।
ম্যাচের প্রথমার্ধে অনেক চেষ্টার পরও সমতায় ফিরতে পারেনি স্বাগতিক আবাহনী। অন্যদিকে দ্বিতীয়ার্ধে সেভাবে ম্যাচেই ছিলেন না তাঁরা। সেই সুযোগ নিয়ে ম্যাচের ৭০ মিনিটে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ব্রাজিলিয়ান ডরিয়েল্টন।
ম্যাচের ৯০ মিনিট শেষে ৬ মিনিটের ইনজুরি টাইমে আরো একটা গোল করে কিংস। এবার গোল জালে পাঠান ইব্রাহিম। ম্যাচ শেষ হয় ৩-০ ব্যবধানে।
এতে করে মৌসুম ট্রেবল জয়ে আবারো মোহামেডানের সামনে কিংস। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে আগামী ২২ মে।
