ইংল্যান্ড ফুটবল দলের নতুন কোচ হিসেবে জার্মানির টমাস টুখেলকে নিয়োগ দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ৮ অক্টোবর চুক্তি সই করলেও গতকাল ওয়েম্বলিতে আনুষ্ঠানিকভাবে টুখেলকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সাউথগেটের পদত্যাগের পর থেকে নতুন কোচের খোঁজে থাকা এফএ টুখেলের কোচিং দক্ষতার ওপর আস্থা রাখছে।
টুখেল জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই তাঁর মূল লক্ষ্য। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ শিরোপার জন্য অপেক্ষায় থাকা ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে টুখেল বলেন, “আমি জানি, এই ফেডারেশনের কিছু ট্রফি জেতা হয়নি। অবশ্যই আমি সেসব এনে দিতে সাহায্য করতে চাই।”
গ্যারেথ সাউথগেটের অধীনে টানা দুটি ইউরো ফাইনাল হারায় (২০২০, ২০২৪) এবং বিশ্বকাপ ও নেশনস লিগে সেমিফাইনালে ব্যর্থতায় (২০১৮, ২০১৯) ইংল্যান্ড দল কিছুটা হতাশায় ছিল। তবে টুখেল বিশ্বাস করেন, বর্তমান দলটি সাফল্যের কাছাকাছি এবং তিনি সেই সাফল্য আনতে পারবেন। “আমার বিশ্বাস, অতিরিক্ত কিছু যোগ করতে পারলেই আমরা বাধা পার হতে পারব,” তিনি বলেন।
টুখেল ইংল্যান্ডের তৃতীয় বিদেশি কোচ, এর আগে সভেন–গোরান এরিকসন ও ফাবিও কাপেলো এই দায়িত্ব পালন করেছিলেন। চেলসিতে কোচিং করানোর সুবাদে টুখেল ইংলিশ ফুটবলের সাথে ভালোভাবে পরিচিত। তাঁর কোচিংয়েই চেলসি ২০২১ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতে।
তবে টুখেলের নিয়োগ নিয়ে কিছু সমালোচনা হয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এটিকে ‘ইংল্যান্ডের জন্য একটি কালো দিন’ আখ্যা দিয়েছে। তারা লিখেছে, “থ্রি লায়ন্স একজন জার্মানকে নিয়ে জুয়া খেলছে।”
