ইংল্যান্ড-স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চান এমি মার্তিনেজ

সদ্য সমাপ্ত আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। অন্যদিকে একই সময়ে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার এমন তুলনামুলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলা কতটা কাজে দিবে তা নিয়েই আলোচনায় সরব সামাজিক যোগাযোগমাধ্যম। এই প্রসঙ্গে একমত আলবিসেলেস্তেদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও।

এল সালভাদর-কোস্টারিকার মতো দলের বিপক্ষে খেলার চেয়ে ইংল্যান্ড বা স্পেনের মতো দলের বিপক্ষে খেলাটা অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন। কোপা আমেরিকার প্রস্তুতির জন্য বড় দলগুলোর বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে পারলে, সেটিই তাঁর জন্য হতো আদর্শ প্রস্তুতি।

প্রীতি ম্যাচে র‍্যাংকিংয়ে সারির ওপরের দিকের দলগুলোর বিপক্ষে খেলতে না পেরে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন মার্তিনেজ। তিনি বলেছেন, ‘এল সালভাদরকে ছোট না করেই বলছি, বিশ্বমানের দলগুলোর বিপক্ষে খেলতে পারলেই আমাদের বেশি ভালো লাগত। ইউরোপে আমাদের ইংল্যান্ড, স্পেন বা তেমন কোনো দলের সঙ্গে খেলা প্রয়োজন ছিল। কিন্তু তাদের (এল সালভাদর ও কোস্টারিকা) সঙ্গেও আমাদের নিজেদের সেরাটা দিয়েই খেলতে হয়েছে।  এল সালভাদরের বিপক্ষে খেলাটা মারাকানায় ব্রাজিলের বিপক্ষে কিংবা লুসাইলে ফ্রান্সের বিপক্ষে খেলার মতোই। সব ম্যাচই আমাদের একইভাবে খেলতে হয়েছে।’

Exit mobile version