মাত্র ১৬ বছর বয়সে ইতালির ফুটবলের তৃতীয় স্তরের ক্লাবে অভিষেক হয় জিওভান্নি লিওনি’র। এরপরের সময়টা শুধুই উত্থানের। মাত্র ৬ মাসের মাথায় তাকে ১.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নেয় দ্বিতীয় স্তরের ক্লাব সাম্পাদরিয়া। আর ছয় মাস পর ৪.৫ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়ায় পারমা। উত্থান পর্বে এবার সবচেয়ে বড় লাফটা দিতে চলেছেন ১৮ বছর বয়সী লিওনি। প্রতিভাবান এই ডিফেন্ডারের যে পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল!
চলতি দলবদলের বাজারে ঝড় তোলা লিভারপুলের থামার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার অলরেডরা সিরি বি’র ক্লাব পারমা থেকে দলে ভেড়াচ্ছে ইতালিয়ান ডিফেন্ডার জিওভান্নি লিওনিকে। ইতালি অনূর্ধ্ব ১৯ দলের এই ফুটবলারকে লিভারপুলের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে তার বর্তমান ক্লাব পারমা।
স্কাই স্পোর্টস জানিয়েছে, বুধবার (১৩ আগস্ট) রাতে লিওনিকে বিক্রি করার ব্যাপারে লিভারপুলের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছে সিরি বি’র ক্লাব পারমা। মাত্র ১৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে ভেড়াতে বেশ বড় অঙ্কের অর্থই খরচ করতে হচ্ছে লিভারপুলকে। লিওনির জন্য পারমাকে ৩০ মিলিয়ন ইউরো (২৬ মিলিয়ন পাউন্ড) দিচ্ছে লিভারপুল, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪২৯ কোটি টাকার সমান। তবে কিছু শর্ত পূরণ করতে পারলে এই অঙ্কটা আরও বাড়বে।
মাত্র এক মৌসুম আর ১৭ ম্যাচ পর লিওনিকে বিক্রি করে পারমার লাভ হচ্ছে ২৫.৫ মিলিয়ন ইউরো (৩৬৩ কোটি টাকারও বেশি)। এই প্রতিভাবান ডিফেন্ডারকে দলে ভেড়াতে আগ্রহী ক্লাবের তালিকায় আরও ছিল জুভেন্টাস, এসি মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেডের মতো ক্লাব। কিন্তু তাদের সবাইকে টেক্কা দিল লিভারপুল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) লিওনি মেডিকেল পরীক্ষার পর লিভারপুলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছে স্কাই স্পোর্টস। মূলত ইবরাহিম কোনাতের বদলি হিসেবি এই ১৮ বছর বয়সীকে দলে ভেড়াচ্ছে অলরেডরা। গুঞ্জন অনুযায়ী, আগামী মৌসুমে চুক্তির মেয়াদ শেষে লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কোনাতে।
