শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। স্বাগতিকদের ১৭৫ রানের টার্গেট দিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।
ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই লঙ্কান ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। আভিস্কা ফার্নান্দোর পরিবর্তে দলে আসা ডি সিলভা সৌম্য সরকারকে ক্যাচ দেয়ার আগে ১২ বলে ৮ রান করেছেন।
ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে কামিন্দু মেন্ডিসের উইকেট তুলে নেন নিজের প্রথম ওভার করতে আসা রিশাদ হোসেন। আউট হওয়ার আগে ১২ বলে ১২ রান করেন তিনি।
৩৫ বলেই নিজের অর্ধশতক পূর্ণ করেন পুরো সিরিজ জুড়ে দারুণ ফর্মে থাকা কুশাল মেন্ডিস।
ইনিংসের ১৩তম ওভারে অধিনায়ক হাসারাঙ্গার উইকেট নেন পেসার মুস্তাফিজুর রহমান। মেন্ডিসের সাথে লঙ্কান অধিনায়কের ৩১ বলে ৫৯ রানের পার্টনারশিপ ভাঙেন তিনি। ফেরার আগে তিনি ১৩ বলে ১৫ রান করেছেন।
১৫তম ওভারে চারিথ আসালাঙ্কাকে প্যাভিলিয়নে পাঠান পেসার শরিফুল ইসলাম। ৫ বলে ৩ রানে করেছেন তিনি।
ইনিংসের ১৭তম ওভারে কুশাল মেন্ডিসের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। নিজের শেষ ওভারের প্রথম চার বলে মাত্র দুই রান দিয়ে পঞ্চম বলে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা মেন্ডিসকে শর্ট বলের ফাঁদে ফেলেন এই পেসার। পুল করতে যেয়ে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেয়ার পর মেন্ডিস থেমেছেন ক্যারিয়ার সেরা ৮৬ রানে।
১৮তম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে নিজের দ্বিতীয় শিকার বানান লেগ স্পিনার রিশাদ হোসেন। ম্যাথিউজ ফিরেছেন ৭ বলে ১০ রান করে।
ইনিংসের শেষ বলে দাসুন শানাকা রান আউট হলে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৭৪ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















