উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র আজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে। এখন অপেক্ষা কোয়ার্টার ফাইনালের। ইংল্যান্ড থেকে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি, স্পেন থেকে অ্যাতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড এবং ফ্রান্স থেকে প্যারিস সেন্ত জার্মেই কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে।

আজ সুইজারল্যান্ডের নিয়নে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনালের ড্র। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ওয়ান।

কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ৯ ও ১০ এপ্রিল মাঠে গড়াবে। ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগের খেলা হবে ৩০ এপ্রিল ও ১ মে। ফিরতি লেগের ম্যাচে ৭ ও ৮ মে। ওয়েম্বলি স্টেডিয়ামে ১ জুন হবে ফাইনাল। এবারের ফাইনাল নিয়ে ওয়েম্বলিতে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ/ইউরোপিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ইতিহাসে আর কোনো স্টেডিয়াম এতবার ফাইনাল আয়োজনের সুযোগ পায়নি।

চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানের পর উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা কনফারেন্স লিগের ড্র অনুষ্ঠিত হবে।

Exit mobile version