এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। রোববার ইন্দোরে দ্বিতীয় ম্যাচে ভারত ৬ উইকেটে জয় পেয়েছে।
নির্ধারিত ২০ ওভারে আগে ব্যাট করে আফগানিস্তান সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে লড়াকু ১৭২ রান জমা করেছিল। জবাবে ভারত ২৬ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়।
টস জয়ের পর ভারত প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। স্বল্প রানে দুই ওপেনার রহমাতুল্লাহ গুরবাজ (১৪) ও ইব্রাহিম জাদরান (৮) বিদায় নিলেও গুলবাদিন নাইবের ঝড়ো ব্যাটিং আফগানিস্তানের রানের চাকা সচল রেখেছিলেন। ৩৫ বলে ৫৭ রান করেন তিনি। পরের ব্যাটাররা অল্প স্বল্প অবদান রেখে দলকে ১৭২ রান পর্যন্ত নিয়ে যান।
বল হাতে ভারতের আর্শদ্বীপ ছিলেন সফল বোলার। ৩২ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। অক্ষর প্যাটেল ও রবি বিশনোই দুটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে বিনা রানে অধিনায়ক রোহিত শর্মা বিদায় নিলেও জয়সওয়াল ও শিভাম দুবের ব্যাটিং ভারতকে সহজ জয় এনে দেয়। জয়সওয়াল ৩৪ বলে ৬৮ রান করেন। আর দুবের ব্যাটে আসে ৩২ বলে ৬৩ রান। জয়সাল পাঁচটি বাউন্ডারির পাশাপাশি ছয়টি ওভার বাউন্ডারি হাঁকান। দুবের ইনিংসে পাঁচ বাউন্ডারির পাশাপাশি চারটি ছিল ওভার বাউন্ডারি।

ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















