“নতুন মেসি” তকমাটা বহু আগে পেয়ে গিয়েছিলেন ক্লদিও এচেভেরি। তবে এবার সে তকমার অর্থ খুঁজে পাওয়া গেল মাঠেই। ম্যানচেস্টার সিটির হয়ে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে ক্লাব বিশ্বকাপে আল–আইনের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি–কিক গোল করে সবাইকে চমকে দিয়েছেন ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন।
সিটির হয়ে আগে দুটি ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন এচেভেরি, তবে এবারই প্রথম একাদশে নামার সুযোগ পান। ম্যাচের ২৭তম মিনিটে পাওয়া ফ্রি–কিকে ডান দিক থেকে অসাধারণ বাঁকানো এক শটে গোল করেন তিনি, যা মনে করিয়ে দেয় সদ্য মেসির করা ফ্রি–কিক গোলকে। আল–আইনের গোলরক্ষক কিছু বোঝার আগেই বল জড়ায় জালে।
ম্যাচে মাত্র ৪৫ মিনিট খেললেও তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। তিনি ১৭ বার বল স্পর্শ করে ১১টি পাস দিয়েছেন, যার মধ্যে ১০টি সফল—পাসিং সঠিকতা ৯১%। দুর্ভাগ্যজনকভাবে প্রথমার্ধেই গোড়ালির চোটে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, “গত কয়েক মাস ধরে প্রতিদিন অনুশীলনের পর একাই ফ্রি–কিক প্র্যাকটিস করত এচেভেরি। সে ফল পেয়েছে তার পরিশ্রমের। তার মধ্যে সাহস ও প্রতিভা দুটোই আছে।”
চোটের কারণে কিছুটা আক্ষেপ থাকলেও এচেভেরির এই ঝলক প্রমাণ করে দিল, গল্পটা এখন তার। ভবিষ্যতের আর্জেন্টাইন তারকা হিসেবে আলো ছড়ানোর সম্ভাবনাও যে প্রবল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















