প্রাক মৌসুম প্রস্তুতিটা ঠিক স্বস্তির হচ্ছে না ইন্টার মায়ামির। প্রথম ম্যাচে এল সালভাদরের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে এফসি ডালাসের কাছে হারলো মেসি-সুয়ারেজ জুটি নিয়ে স্বপ্ন দেখা মায়ামি। সোমবার রাতে কটন বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ০-১ গোলে হেরেছে।
মেসি-সুয়ারেজ জুটি নিয়ে মায়ামি ভক্তদের আশার শেষ নেই। কিন্তু দুই প্রস্তুতি ম্যাচে বার্সেলোনার সাবেক এই জুটির রসায়নটা ঠিকমতো জমেনি। যার ফলে ম্যাচের তৃতীয় মিনিটে গোল হজম করলেও তা আর ফেরত দিতে পারেনি মায়ামি।
অবশ্য মাঠের খেলায় না জিতলেও মেসি-সুয়ারেজ মাঠের সরব উপস্থিতিতে দর্শকদের মাতিয়ে রাখেন। মেসির দুটো শট ডালাসের গোলরক্ষক মাইকেল কোলোডি ফিরিয়ে দিয়েছেন। ১২ মিনিটে মেসির সামনে ইন্টার মায়ামিকে সমতায় ফেরানোর সুযোগ পান। কিন্তু ডালাস গোলরক্ষক কোলোডি বাম দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় গোল ফিরিয়ে দেন। ২৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে পাওয়া বলে যে শট নেন মেসি তাও সমর্থকদের উল্লাসের কারণ হতে পারেনি।
সুয়ারেজও দুটো শট নিয়েছিলেন। একটি কোলোডি ফিরিয়ে দেন, অন্যটি বাইরে চলে যায়।
গত বছরের ৬ অক্টোবর ডালাসের বিপক্ষে এক ম্যাচে দারুণ খেলা উপহার দিয়েছিলেন মেসি। জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। শেষ পর্যন্ত টাইব্রেকে জয় পেয়েছিলো মায়ামি।
আট ব্যালন ডি অরের মালিক এবারও যে তেমন কিছু দেখাবেন দর্শকদের সে প্রত্যাশা থাকলেও মেসি তা পূরণে ব্যর্থ হয়েছেন। তবে আশা ছাড়ছেন না সমর্থকরা।
আগামী ২১ ফেব্রুয়ারির অপেক্ষায় থাকছেন তারা। সেদিন মেজর সকার লিগে মায়ামি তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ রিয়াল সল্ট লেক।
