এশিয়া কাপের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ

এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির মিশনে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ (বুধবার) সকাল ৮টা থেকেই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। টানা দুটি দ্বিপাক্ষিক সিরিজ শেষে কিছুটা বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। নিজেদের মতো করে সময় কাটানোর পর এবার নতুন চ্যালেঞ্জের জন্য শুরু হলো আনুষ্ঠানিক প্রস্তুতি।

এই অনুশীলন ক্যাম্প চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। প্রথমদিকে ক্রিকেটাররা কাজ করবেন বিসিবির ফিজিক্যাল পারফরম্যান্স কোচ নাথান কেলির অধীনে। স্কিল এবং ফিটনেস—দুই দিকেই জোর দেওয়া হবে বলে জানা গেছে। এরপর কয়েকদিন বিরতি দিয়ে আবারও শুরু হবে প্রস্তুতি পর্ব, এবার সিলেটে। ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় ধাপের ক্যাম্প।

এশিয়া কাপে অংশ নেওয়ার আগে আরও একটি আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবি আয়োজিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। বাকি দুটি ম্যাচ হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। এ সিরিজের মধ্য দিয়ে টাইগারদের ম্যাচ প্রস্তুতি আরও ধারালো করে তুলতে চায় টিম ম্যানেজমেন্ট।

এর আগে জাতীয় দলের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও লিটন দাস আরও একটি সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন, যা গুরুত্বসহকারে নিয়েছে বিসিবি। ‘তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে বিসিবি’, জানিয়েছে বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র।

সবমিলিয়ে এশিয়া কাপে শক্ত প্রতিপক্ষদের মোকাবেলায় প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চাইছে না বাংলাদেশ দল।

Exit mobile version