প্রথমবার এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে ওমান। এবার এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরে অংশ নিতে দল ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এশিয়া কাপে ওমান খেলতে যাচ্ছে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটারকে নিয়ে। অভিজ্ঞ ওপেনার জতিন্দর সিংকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। সেই দলে ডাক পেয়েছেন সুফিয়ান ইউসুফ, জিকরিয়া ইসলাম, ফয়সাল শাহ এবং নাদিম খান। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন তারা।
এশিয়া কাপ দল নিয়ে ওমানের প্রধান কোচ দুলীপ মেন্ডিস দল নিয়ে বলেন,‘এটা সত্যি যে আমরা এশিয়া কাপ–যেটি একটি বড় টুর্নামেন্ট, সেখানে অংশ নিচ্ছি এবং বিশ্বমঞ্চে আমাদের খেলোয়াড়দের স্কিল দেখানোর এটা চমৎকার সুযোগ। ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলতে পারাটা যেকোনো খেলোয়াড়ের জন্যই বিশেষ মুহূর্ত। টি-টোয়েন্টির মতো দ্রুততর খেলায় যেকোনো কিছুই হতে পারে, সেখানে এক ওভারে দারুণ কিছু ঘটলে সবকিছু বদলে যায়।’
এবার গ্রুপ ‘এ’তে ওমান ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। এই গ্রুপের বাকি দল সংযুক্ত আরব আমিরাত। আগামী ১২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের অভিষেক ম্যাচ খেলবে ওমান। ১৫ ও সেপ্টেম্বর বাকি দুই ম্যাচে যথাক্রমে আমিরাত ও ভারতের মুখোমুখি হবে তারা। ওমান সবশেষ লডারহিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ–২ এ খেলেছিল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো মেজর কোনো টুর্নামেন্টে খেলতে যাচ্ছে ওমান।
এশিয়া কাপে ওমানের স্কোয়াড: জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিষ অদিধারা, আমির কালিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, করণ সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন শাহ, ফয়সাল শাহ, মোহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














