কয়েক মাস আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল! যে ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল। সেই ধারাবাহিকতায় ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ পাকিস্তানের সঙ্গে ম্যাচ থেকে নাম সরিয়ে নেয় ভারতীয় সাবেক তারকারা।
দুই দেশের এমন উত্তেজনায় অনেকটা অনিশ্চয়তায় ছিল এশিয়া কাপের ভাগ্য। অবশেষে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে আসন্ন এশিয়া কাপেই হাই-ভোল্টেজ লড়াইয়ে নামছে দুই দল। এশিয়া কাপে ভারতীয় টিমকে খেলার অনুমোদন দিয়েছে বিসিসিআই। পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপের ম্যাচ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলার বিষয়ে টাইমস অফ ইন্ডিয়াকে সাবেক স্পিনার হরভজন সিং বলেন, ‘তাদের বুঝতে হবে, কোনটা গুরুত্বপূর্ণ ও কোনটা গুরুত্বপূর্ণ না। আমার কাছে ব্যাপারটা এমনই। যেসব সৈন্য সীমান্তে আছেন, পরিবারের সঙ্গে দেখা হয় না সেভাবে, কখনো কখনো নিজেদের জীবন উৎসর্গ করছেন এবং আর কখনোই বাড়ি ফেরেন না, তাদের ত্যাগ আমাদের সবার জন্যই অনেক বড় ব্যাপার। সে তুলনায় একটি ক্রিকেট ম্যাচ ছাড়াটা খুবই সামান্য বিষয়।’
এছাড়া হরভজন বলেন,‘আমাদের সরকারের একই অবস্থান,‘আমরা কেন তাদের এত গুরুত্ব দিই? তারা কি এতটাই গুরুত্বপূর্ণ? এতটাই গুরুত্বপূর্ণ যে সংবাদের সব চ্যানেলেই তাদের দেখাবে? যখন তাদের বর্জন করবেন, কথা বলতে চাইবেন না, তাহলে (মিডিয়ায়) দেখানোর কী প্রয়োজন? এটা গণমাধ্যমের দায়িত্ব। তাদের আগুন উসকে দেওয়া উচিত নয়। যেটা বলেছি, পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে (ভারতের) ক্রিকেটারদের হাত মেলানো অনুচিত। মিডিয়াতেও তাদের দেখানো এবং প্রতিক্রিয়া প্রচার করা উচিত নয়। দেশে বসে তারা যা খুশি বলতে পারে, কিন্তু তাদের তুলে ধরাটা উচিত নয় আমাদের জন্য।’
