সব শঙ্কা উড়িয়ে দিয়ে ঢাকাতেই হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ২৪ ও ২৫ জুলাই ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বসবে এই সাধারণ সভা। এতে অংশ নিতে এসিসির সভাপতি মহসিন নকভি বুধবার সকালে ঢাকায় পৌঁছেছেন।
আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে। এশিয়ার ২৫ সদস্য দেশের মধ্যে ১৬-১৭টি দেশের প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তবে সভা নিয়ে বড় ধাক্কা এসেছে ভারতের দিক থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই জানিয়ে দিয়েছে, তারা ঢাকার বৈঠকে অংশ নেবে না। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা ও আফগানিস্তানও ভারতের অবস্থানের সঙ্গে একমত হয়ে বৈঠকের ভেন্যু নিয়ে আপত্তি তুলেছে। এমনকি তারা এই সভা বাংলাদেশে না করে অন্য কোথাও করার প্রস্তাবও দিয়েছিল বলে জানা গেছে।
তবে এসিসি সেই প্রস্তাব গ্রহণ করেনি। বরং ঠিক রেখেছে, ঢাকাতেই হবে এই গুরুত্বপূর্ণ সভা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগেই জানিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং এসিসি সভাপতি মহসিন নকভি ঢাকায় আসছেন।’
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সাংবাদিকদের আমিনুল ইসলাম বুলবুল বলেন,‘এসিসির সদস্য ২৫টি দেশ, যাদের মধ্যে পাঁচটি পূর্ণ সদস্য। এসিসির কাছ থেকে আমরা প্রস্তাব পেয়েছিলাম সভা আয়োজনের জন্য, আমরা সেটা গ্রহণ করেছি। আয়োজক হিসেবে আমরা শুধু লজিস্টিক সহায়তা দিচ্ছি।’
এই সভায় এশিয়া কাপ নিয়েও আলোচনা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বা আলোচনার বিষয়বস্তু এখনো পরিষ্কার নয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















