বাংলাদেশ দলের ওপেনিং জুটি নিয়ে প্রধান কোচ হাথুরুসিংহের ছেলে খেলা চলছেই। অভিজ্ঞ তামিম ইকবাল না থাকায় এখন পর্যন্ত ওপেনিংয়ের সমাধান পায়নি টাইগাররা। সিনিয়র তামিম না থাকায়, ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে ওপেনিংয়ে লিটনের সঙ্গী ছিলেন তানজিদ হাসান তামিম।
বিশ্বকাপের পর আবারও ওপেনিংয়ে পরিবর্তন আসে। গত নিউজিল্যান্ড সিরিজে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সৌম্যর সাথে ওপেনিং করেন এনামুল হক বিজয়। আর লিটন তখন ব্যাটিং করেছেন চার নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে আবারও পরিবর্বন আসলো বাংলাদেশের ওপেনিং জুটিতে।
বিপিএলে দারুণ ছন্দে থাকার পরও তানজিদ হাসান তামিমকে রাখা হয়নি দলে। আর দলে থেকেও একাদশে সুযোগ পায়নি এনামুল হক বিজয়। তার পরিবর্তে এবার লিটনকে চার নম্বর থেকে তুলে নেয়া হয় ওপেনিংয়ে। তার সাথে দেখা গেল সৌম্য সরকারকে।
প্রতি সিরিজে ওপেনিং জুটি পরিবর্তন নিয়ে দেশের ক্রীড়া অঙ্গনে রীতিমতো হাসির পাত্র হয়ে উঠছেন কোচ হাথুরুসিংহের সিদ্ধান্ত নিয়ে। গতকাল চট্টগ্রামে শ্রীলঙ্কার দেয়া ২৫৬ রানের লক্ষ্য তাড়ায় বাজে শুরু বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেছেন লিটন দাস। দিলশান মাদুশঙ্কার করা গুড লেংথ ও ব্যাক অব লেংথের মাঝামাঝি করা ডেলিভারী স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন এই ওপেনার।
লিটন গোল্ডেন ডাক খেয়ে ফেরার পর টিকতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলটি খাটো লেংথে করেছিলেন মাদুশঙ্কা। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের সেই বল জায়গায় দাঁড়িয়ে টেনে অন সাইডে পুল করতে চেয়েছিলেন সৌম্য। ফলে স্কয়ার লেগে ধরা পড়েছেন এই ওপেনার। ৯ বলে ৩ রান করে সৌম্য ফেরায় ১৪ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে বাংলাদেশ।
