দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের তারকা পেসার শরীফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই উদীয়মান ক্রিকেটার। শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্স দিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়েছেন শরীফুল। আর এতেই সাকিব আল হাসানকে টপকে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের এক নম্বর বোলার এখন শরীফুল ইসলাম।
১১ ধাপ এগিয়ে শরীফুলের অবস্থান এখন ২৪। অন্যদিকে দীর্ঘদিন ওয়ানডে না খেলা সাকিব ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩১ নম্বরে। শরীফুল-সাকিবের পর বাংলাদেশী বোলারদের মধ্যে তিনে আছেন মেহেদী হাসান মিরাজ। ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন তিনি।
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি তাসকিন আহমেদও র্যাংকিংয়ে দিয়েছেন লম্বা লাফ। ৮ উইকেট নিয়ে ২৭ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠেছেন এই পেসার।
আরেক টাইগার পেসার মোস্তাফিজুর রহমান ৫ ধাপ এগিয়ে ৪৪-এ উঠে গেছেন। এছাড়া বোলারদের শীর্ষ ১০০-তে আর কোনো বাংলাদেশী নেই।
