কক্সবাজার সমুদ্রে নিখোঁজ মুশফিকের ভাতিজার মরদেহ উদ্ধার । কক্সবাজার সৈকতে লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর পর্যটক জুহায়ের আয়মানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আয়মান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টার মাথায় মরদেহটি উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সী সেইফ লাইফগার্ডের সিনিয়রকর্মী মোহাম্মদ ওসমান।
নিহত জুহায়ের আয়মান (১৭) বগুড়া সদরের বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাটনাপাড়ার বাসিন্দা মো. শরিফুল ইসলাম ও মনিরা সুলতানা দম্পতির ছেলে। সী সেইফ লাইফগার্ডের সিনিয়রকর্মী ওসমান জানান, রোববার বেলা ৩টার দিকে লাবণী পয়েন্ট সৈকতে গোসলে নেমে তিন পর্যটক নিখোঁজ হঠাৎ স্রোতে ভেসে যাচ্ছিল।
অন্য পর্যটকদের চিৎকারে রেসকিউ বোটের সহযোগিতায় সী সেইফ লাইফগার্ড কর্মীরা দু’জনকে তারা উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু আয়মান নিখোঁজ হন। এরপর দমকলবাহিনী, বিচকর্মী, সী সেইফ লাইফগার্ডরা নানাভাবে রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে পেতে ব্যর্থ হন।
