নেইমার ফুটবলের দুঃখী রাজপুত্র হলে, ক্রিকেটের কে? উত্তরটা চিন্তা করতে খুব বেশি সময় লাগার কথা নয়। গত বছর আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার সময়ই পেয়েছিলেন চোট। পরে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় যে, হাঁটুর চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন কিউয়ি তারকা কেইন উইলিয়ামসন।
টানা সাত মাস মাঠের বাইরে থাকা উইলিয়ামসনের প্রত্যাবর্তন হয় ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের মঞ্চে। তবে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ফিল্ডারের ছোড়া বল হাতে বল লাগায় আবারো হন ইনজুরির শিকার। অবশ্য খেলতে পেরেছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে।
ওই একটা ম্যাচই। বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে ছিলেন তিন ফরম্যাটের সিরিজেই। পুরোপুরিভাবে ফিরেছিলেন পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এখানেও আবারো সেই ইনজুরির দেখা। সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পড়েছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। আর এতে করেই ছিটকে গেলেন সিরিজের বাকী ম্যাচগুলো থেকে।
সিরিজের শেষ তিন ম্যাচ আগামী ১৭,১৯ এবং ২১ জানুয়ারি। এরপর আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। মূলত টেস্টের আগে ঝুঁকি না নিতেই উইলিয়ামসনকে আর না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।
