“তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়। এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই”
তাসকিন আহমেদ
কদিন আগেই জানা গিয়েছিলো তাসকিন আহমেদ আর টেস্ট ক্রিকেট খেলতে চাননা। বিষয়টি পরবর্তীতে নিশ্চিত করেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। তিনি সেবার জানান, চন্ডিকা হাথুরুসিংহে দেশে ফিরলে এনিয়ে সিদ্ধান্ত হবে। অবশেষে গণমাধ্যমের সামনে সেই প্রসঙ্গ এনেছেন তাসকিন নিজেই।
টেস্ট ক্রিকেট খেলা নিয়ে তাসকিন জানান, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে। ‘
তাসকিন আরো জানান, ‘তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়। এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই।’
তবে ভবিষ্যতে আবারো টেস্টে ফেরার কথাও জানিয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার। তাসকিন জানিয়েছেন, ‘হয়তো ভবিষ্যতে যদি উন্নতি হয় তখন আবার চেষ্টা করবো।’
