ক্রিকেটারদের সেবায় দক্ষতা বাড়াতে বিসিবির মেডিকেল টিমের বিদেশ সফরের উদ্যোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ দেশের ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনা ও পুনর্বাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এবার এই বিভাগের ডাক্তার, ফিজিওথেরাপিস্ট এবং ট্রেইনারদের দক্ষতা বৃদ্ধির জন্য বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় বিসিবি।

যদিও পরিকল্পনাটি এখনও চূড়ান্ত হয়নি, তবে বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী জানিয়েছেন, বোর্ড সভাপতি দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তার ভাষায়, “সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) দেশে আসলে তারপর এ বিষয় সিদ্ধান্ত হবে। আমরা তো এটার প্রপোজাল অনেক আগেই দিয়েছিলাম। কয়েকটি দেশের মধ্যে যেমন কাতার, মালয়েশিয়া বা ব্যাংকক এদের সাথে আমরা চেষ্টা করব। কাতারেরটা অনেক বেশি ভালো হবে। যদি কাতারকে আমরা এরেঞ্জ করতে পারি, ওরা এসে আমাদের এখানে সাপোর্ট দেবে। আমরা ওখানে যাব, এখন সবকিছু আসলে বোর্ডের ওপর নির্ভর করবে।”

বিসিবির এক চিকিৎসকও জানান, “অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছিল এটা নিয়ে। আমরা বলেছিলাম যে প্রতিবছর এক দুইজন ট্রেনার, ডাক্তার এবং ফিজিওর সঙ্গে যারা ম্যাসাজ দেয় তাদের পাঠাতে।”

বর্তমানে বিসিবির মেডিকেল বিভাগে ১৫ জন স্থায়ী সদস্য রয়েছেন, যার মধ্যে দুইজন ডাক্তার এবং কয়েকজন ফিজিওথেরাপিস্ট/ট্রেইনার অন্তর্ভুক্ত। এছাড়া অস্থায়ী সদস্যরাও নিয়মিতভাবে জাতীয় ও ঘরোয়া দলের সঙ্গে কাজ করে থাকেন।

প্রশিক্ষণ পরিকল্পনায় কাতারকে সবচেয়ে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেখা হচ্ছে। কাতারের আধুনিক স্পোর্টস মেডিসিন সেন্টার এবং রিহ্যাব সুবিধা বাংলাদেশি চিকিৎসক-ফিজিওদের অভিজ্ঞতা বাড়াতে সহায়ক হতে পারে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশি ক্রিকেটারদের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় আরও আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version