ক্লিন্সম্যানকে ছাটাই করলো দক্ষিণ কোরিয়া

এশিয়া কাপে ব্যর্থতা

এশিয়া কাপ ফুটবলের শুরুতেই আলো ছড়িয়েছিল দক্ষিণ কোরিয়া। প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া ফুটবলে নিজেদের শক্তির কথা জানান দিয়েছিল দেশটি। তারপর মহাদেশীয় ফুটবলের শিরোপার সঙ্গে যেন তাদের আড়ি হয়েছে। বিশ্ব ফুটবলে আলো ছড়ালেও মহাদেশীয় এই টুর্নামেন্টে শিরোপা অধরা রয়েছে তাদের।

১৯৫৬ ও ১৯৬০ সালে পরপর দুইবার এশিয়া কাপ জয় করেছিল দেশটি। তারপর আর এই শিরোপার দেখা পায়নি তারা। এরই মধ্যে কেটে গেছে ৬৪ বছর। কিন্তু শিরোপা জয়ের অপেক্ষার শেষ হয়নি। যে সব দল শিরোপা জয় করেছে পরবর্তী শিরোপা জয়ের জন্য কোনো দলকে এত বেশি সময় অপেক্ষা করতে হয়নি।

শিরোপা খরা কাটাতে জার্মানির জীবন্ত কিংবদন্তী ইয়ুর্গেন ক্লিন্সম্যানের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও সাফল্য আসেনি। এবারের আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। টুর্নামেন্ট থেকে বিদায়ের সঙ্গে সঙ্গে ক্লিন্সম্যানের ভাগ্যটাও লেখা হয়ে যায়। তার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশন।

ক্লিন্সমানের সঙ্গে সম্পর্কের ইতি টেনে দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট চুং মং–গিউ বলেন, আমরা কোচের কাছ থেকে যে ধরণের নেতৃত্ব আশা করেছিলাম তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন।’

ক্লিন্সম্যানের দায়িত্বের প্রতি শ্রদ্ধ জানিয়ে তিনি আরো বলেন, এশিয়া কাপের সেমিফাইনালের ম্যাচের আগ পর্যন্ত তিনি দলকে যেভাবে সমর্থন দিয়েছেন তাতে আমরা তার প্রতি কৃতজ্ঞ। এ ম্যাচের আগ পর্যন্ত তার অধীনে ১২ মাসে ১৩ ম্যাচে অপরাজিত ছিল দক্ষিণ কোরিয়া।’  

সেমিফাইনাল জর্ডানের কাছে হেরে যায় দক্ষিণ কোরিয়া। ফলে ফাইনালেও ওঠা হয়নি তাদের। সর্বশেষ তারা ২০১৫ সালে ফাইনালে উঠেছিল। সেবার তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। ১৯৬০ সালের পর চারবার  (১৯৭২, ১৯৮০, ১৯৮৮ ও ২০১৫) ফাইনালে উঠেছে দলটি। একবারো তাদের অপেক্ষার অবসান হয়নি।  

Exit mobile version