গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আবাহনী ও মোহামেডান

ফেডারেশন কাপ

আবাহনী ও মোহামেডানের মুখোমুখি ম্যাচের সেই আমেজ এখন আর নাই।

পঁয়ত্রিশতম ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ মঙ্গলবার মাঠে গড়াবে। এদিন দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটো ম্যাচই ‘বি’ গ্রুপের। একটিতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দুই দল ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম আবাহনী। দুই ভিন্ন ভেন্যু খেলা দুটো হবে। আবাহনী ও মোহামেডানের ম্যাচটি হবে গোপালগঞ্জে। অন্য ম্যাচের ভেনু্য মুন্সিগঞ্জ।

এ দুই ম্যাচের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত হবে। এরই মধ্যে ছয়টি দল কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে। আজ মাঠে নামা চার দলের মধ্যে আবাহনী ও মোহামেডান কোয়ার্টার ফাইনাল খেলা আগেই চূড়ান্ত হয়েছে। তাদের মধ্যে এবারের লড়াইয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। যে দল জয় পাবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এরই মধ্যে উভয় দল দুটো ম্যাচ জয় পেয়েছে। উভয়ের পয়েন্ট ৬। তবে গোল পার্থক্যে আবাহনী শীর্ষে রয়েছে। অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্সের মধ্যে যারাই জয় পাবে তারাই কোয়ার্টার ফাইনালে খেলবে।

চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই হলেও আবাহনী ও মোহামেডান ম্যাচে তেমন কোনো প্রতিন্দ্বন্দ্বিতা নাও হতে পারে। উভয় দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় কোনো দল ঝুঁকি নাও নিতে পারে।

আবাহনী অবশ্য গ্রুপ পর্বের দুই ম্যাচে তাদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। তাদের আক্রমণভাগ যেমন প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করেছে তেমনি তাদের রক্ষণভাগ প্রতিপক্ষের জন্য চীনের প্রাচীর হয়ে রয়েছে। দুই ম্যাচে আবাহনী ৯ গোল করেছে। বিপরীতে তাদের জালে কোনো বল ঢোকেনি। অন্যদিকে মোহামেডান চার গোল করলেও দুই গোল হজম করেছে।

তবে অন্য ম্যাচটি ঝুঁকিমুক্ত হওয়ার তেমন কোনো সুযোগ থাকছে না। কেননা কোয়ার্টার ফাইনালে যেতে হলে তাদেরকে পয়েন্টের খাতা খুলতে হবে। সেক্ষেত্রে জয় ভিন্ন কোনো পথ নেই চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের।

Exit mobile version