চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন বাংলাদেশের হয়ে সাদা জার্সিতে অভিষিক্ত হন পেসার হাসান মাহমুদ। এছাড়াও দীর্ঘদিন পর দলে ফেরেন সাকিব আল হাসান।
লঙ্কান ইনিংসের ৬ষ্ঠ ওভারেই প্রথম উইকেট তুলে নিতে পারতেন হাসান মাহমুদ। তবে স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয় সহজ ক্যাচটি তালুবন্দি করতে না পারায় সে যাত্রায় বেঁচে যান ওপেনার মাদুস্কা।
২২তম ওভারে আরো একবার উইকেটের সুযোগ তৈরী করেন অভিষিক্ত হাসান। তাঁর বাউন্সারে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তোলেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে। সেখানে সীমানা থেকে কিছুটা এগিয়ে থাকায় ক্যাচটি ফেলে দেন সাকিব আল হাসান।
প্রথম সেশনে সুযোগ হাতছাড়া হতাশায় পুড়িয়েছে বাংলাদেশকে। বিরতিতে যাওয়ার আগে ২৭ ওভারে বিনা উইকেটে ৮৮ রান করে শ্রীলঙ্কা।
অবশ্য দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে রান আউটের ফাঁদে পড়েন মাদুস্কা। এই ওপেনিং ব্যাটার ফেরেন ব্যক্তিগত ৫৭ রানে।
এরপর আরেক ওপেনার করুনারত্নকে নিয়ে বড় জুটি গড়ে তোলেন নতুন ক্রিজে আসা কুশল মেন্ডিস। একে একে নিজেদের অর্ধশতকও তুলে নেন তাঁরা।
ইনিংসের ২২তম ওভারে সাকিব ক্যাচ নিতে না পারায় প্রথম টেস্ট উইকেট পেতে ৫৬তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে হাসান মাহমুদকে। সেই করুনারত্নকেই তিনি ফিরিয়েছেন বোল্ড করে। ১২৯ বলে ৮৬ রান করে আউট হন এই ওপেনার।
দ্বিতীয় সেশন শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২১৪ রান।
দিনের তৃতীয় ও শেষ সেশনে সেঞ্চুরির খুব কাছে গিয়ে সাকিবের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস। মিরাজের ক্যাচে ভাঙে মেন্ডিস-ম্যাথুসের ৫৩ রানের জুটি। ১৫০ বলে ৯৩ রান করে আউট হন বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকা মেন্ডিস।
শেষ সেশনের ৮১তম ওভারে আরো একটি উইকেটের দেখা পায় বাংলাদেশ। ব্যক্তিগত ২৩ রান করা ম্যাথুসকে নিজের দ্বিতীয় শিকার বানান হাসান মাহমুদ।
বাংলাদেশ শেষ পর্যন্ত ৪ উইকেট তুলে নিলেও দিনটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। ৩১৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।
আগামীকাল দ্বিতীয় দিনে অপরাজিত ৩৪ রান করে দিনেশ চান্ডিমাল ও ১৫ রান করে ধনাঞ্জয়া ডি সিলভা লঙ্কানদের হয়ে ইনিংস এগিয়ে নেবেন।
