চার বছরের ব্যবধানে বার্সেলোনা আবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ইতালিয়া সেরি-আ’ লিগের ক্লাব নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ ক্লাবটি শেষ আটে পা রেখেছে। শেষ ষোলোর প্রথম রাউন্ডে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল দলটি। ফলে ৪-২ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বার্সেলোনা।
অ্যাওয়ে ম্যাচে ড্র করায় এবার বার্সেলোনার সামনে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পথটা অনেকটাই মসৃণ ছিল। ম্যাচের শুরুতেই সেই মসৃণ পথ বেয়ে বার্সেলোনার সমর্থকদের উল্লাসে ভাসান ফার্মিন লোপেজ ও হোয়াও ক্যানসেলো। ম্যাচের মাত্র ১৭ মিনিটে মধ্যে এই দুইজন গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন। যদিও আমির র্রাহমানি গোল করে ব্যবধান কমিয়েছিলেন কিন্তু রবার্ট লেভানদোভস্কি ৮৩ মিনিটে গোল করে সব উৎকণ্ঠা দূর করে দেন।
গত দুই আসরে তো বার্সেলোনার অবস্থা নাজুক ছিল। গ্রুপ পর্বের বাধাই পার হতে পারেনি। মূলত ২০১৯-২০ সালের পর সাবেক চ্যাম্পিয়ন দলটি শেষ আটে পৌঁছাতে পারেনি। সে সময় বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল তারা। পরের মৌসুমে লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যান। তারপর থেকেই এমন দশা বার্সেলোনার।
বার্সেলোনার সামনে এবার শুধু এই চ্যাম্পিয়ন্স লিগে জয়ের সুযোগ রয়েছে। এরই মধ্যে তারা কোপা দেল থেকে ছিটকে গেছে। ঘরোয়া লিগে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বেশ বড়। সাত পয়েন্ট পিছিয়ে জাভির দল।
ইনজুরির কারণে এ ম্যাচে শক্তিশালী একাদশ সাজানো কোচ জাভির জন্য কঠিন হয়ে পড়েছিল। পেদ্রি, ফ্রাঙ্কি ডি জং ও ফেরান তোরেস ইনজুরির কারণে দলের বাইরে। ফলে এমন একটা ম্যাচে মাত্র ১৭ বছর বয়সী পাউ কুবার্সিকে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলাতে হয়েছে। তবে কোচ কুবার্সি হতাশ করেননি। নাপোলির সব আক্রমণ দক্ষতার সঙ্গে রুখে দিয়েছেন, হয়েছেন ম্যাচ সেরা।
শুধু কুবার্সি নয়, ১৬ বছর বয়সী লামিনে ইয়ামালকে একাদশে রেখেছিলেন জাভি। এমন একটা একাদশ নিয়ে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছিল বার্সেলোনা। নাপোলিকে দাঁড়ানোরই সুযোগ দেয়নি। বার্সেলোনার আক্রমণ রুখতে ব্যর্থ হওয়ায় ১৭ মিনিটের মধ্যে দুই গোল হজম করে নাপোলি।যদিও ৩০ মিনিটে গোল পরিশোধ করে নাপোলি ম্যাচে একটা উত্তেজনা ফিরিয়ে এনেছিল কিন্তু লেভানদোভস্কির গোল নাপোলির সব উৎসাহে জল ঢেলে দেয়।
বার্সেলোনার পাশাপাশি রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















