চেলসিকে গোলে ভাসালো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে নিজেদের মাঠে দারুণ এক জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী লিভারপুল। ৪-১ গোলে চেলসিকে হারিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরো পোক্ত করলো অল রেডরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটিকে ৫ পয়েন্টে পেছনে ফেললো ইয়ুর্গেন ক্লপের ছেলেরা।

২২ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৫১ পয়েন্ট। ২১ ম্যাচ থেকে ম্যানসিটির পয়েন্ট ৪৬। একই রাতে ম্যানসিটি ৩-১ গোলে হারিয়েছে বার্নলিকে।

লিভারপুলের হয়ে গোল করেছেন দিয়াগো জোতা, কনোর ব্রাডলি, ডোমিনিক সোবোজলাই ও লুইস দিয়াজ। চেলসির হয়ে ব্যবধান কমান ক্রিস্টোফার এনকুকু।

লিভারপুল-চেলসি ম্যাচে একাধিক ইতিহাসও হয়েছে। দলটির ফরোয়ার্ড ডারউইন নুনেজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। তার শট পোস্টে লেগে ফিরে আসে। এই ব্যর্থতায় তাকে ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছেন। স্বাভাবিকভাবে আরও তিনবার তার শট পোস্টে আঘাত হানে। প্রিমিয়ার লিগে একটা ম্যাচে এর আগে আর কোনো খেলোয়াড়ের শট এতবার পোস্টে আঘাত করেনি।

এছাড়া কনোর ব্রাডলিও ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একই ম্যাচে গোল করা ও গোল করানোর কীর্তি গড়েছেন। এর আগে এ কীর্তি ছিল রহিম স্টার্লিংয়ের। প্রায় ১০ বছর আগে এ কীর্তি গড়েছিলেন তিনি। এ ম্যাচেও মাঠে ছিলেন স্টার্লিং। তবে লিভারপুলের হয়ে নয়, চেলসির হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

এদিকে এ জয়ের ফলে ইয়ুর্গেন ক্লপ নিজেদের মাঠে এ মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় অপরাজিত থাকার কীর্তি ধরে রেখেছে। লিভারপুলের হয়ে ক্লপের ছিল এটি ২০০তম জয়।

Exit mobile version